প্রকাশিত: 6:43 PM, August 29, 2026


মিরপুরে ইংলিশ স্কিল সেন্টারের “Speech Delivery Celebration” অনুষ্ঠিত: শিক্ষার্থীদের ইংরেজি উপস্থাপনায় সাফল্য

কুষ্টিয়ার মিরপুরে বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ইংলিশ স্কিল সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “Speech Delivery Celebration”।

শনিবার (২৯ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী ইংরেজি বক্তব্য প্রদান প্রতিযোগিতার আয়োজন করা হয়।

​প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে চমৎকার ও সাবলীল ইংরেজিতে বক্তব্য উপস্থাপন করে। খুদে শিক্ষার্থীদের এই চমৎকার পারফরম্যান্স অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বস্তুনিষ্ঠ মূল্যায়নের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

​কুষ্টিয়ার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে এম গোলাম মহিউদ্দিন। তিনি বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক পাঠ্যবইয়ের পাশাপাশি এ ধরনের বাস্তবসম্মত আয়োজন শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করতে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে।

এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর জনাব মো. মো. জামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আদর্শ শিক্ষক ফেডারেশন মিরপুর উপজেলা শাখার সেক্রেটারি মো. মমিতুল ইসলাম। খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. আবুল কালাম আজাদ।

বক্তারা উল্লেখ করেন, ছোটবেলা থেকেই শিশুদের মাঝে সঠিক উচ্চারণে ইংরেজিতে কথা বলা ও উপস্থাপনার অভ্যাস গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।

এসময় মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. হাফিজুর রহমান। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের বৈশ্বিক মানের যোগাযোগ দক্ষতা ও মেধার সার্বিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card