
কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ ও বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীনস্থ জামালপুর বিওপির একটি চৌকস টহল দল দৌলতপুর উপজেলার পাকুড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ কামাল রনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারাবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ১০৩ বোতল ভারতীয় মদ, ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২ হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদক ও ওষুধের আনুমানিক সিজার মূল্য ১২ লাখ ৪১ হাজার ২০০ টাকা।
৪৭ বিজিবি-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকের অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি মালামাল বন্ধে বিজিবির এই গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
কুষ্টিয়া থেকে প্রকাশিত আধুনিক মানের অনলাইন
সবার আগে সংবাদ পেতে ভিজিট করুন rupantornews.com