রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
শারদীয় দুর্গাপূজা, লালন স্মরণোৎসব ও কমিউনিটি পুলিশিং গতিশীল করতে কুষ্টিয়া মডেল থানায় মতবিনিময় সভা


জিয়ারুল ইসলাম, কুষ্টিয়া: আসন্ন শারদীয় দুর্গাপূজা ও ঐতিহ্যবাহী লালন স্মরণোৎসবে নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কুষ্টিয়া মডেল থানায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে অপরাধ দমন ও স্থানীয় সমস্যা সমাধানে পুলিশ-জনগণের যৌথ অংশীদারিত্ব বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
রবিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেনের পরিচালনায় সভায় মডেল থানাধীন বিভিন্ন বিট ও এলাকার কমিউনিটি পুলিশিং নির্বাহী ও কার্যকরী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা ও লালন মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, এলাকাভিত্তিক চুরি-ছিনতাই প্রতিরোধ, মাদকের বিস্তার রোধ, ইভটিজিং এবং কিশোর গ্যাং কালচার নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং ফোরামের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত কমিউনিটি পুলিশিং সদস্যরা তাঁদের স্ব-স্ব এলাকার নানা সামাজিক সমস্যা ও উত্তরণের সম্ভাবনা তুলে ধরেন এবং থানা পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রক্ষার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উত্থাপন করেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকির হোসেন তাঁর বক্তব্যে বলেন, “পুলিশই জনতা, জনতাই পুলিশ। শুধু পুলিশের একার পক্ষে সমাজ থেকে শতভাগ অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্য আদান-প্রদানের মাধ্যমেই কেবল একটি অপরাধমুক্ত সমাজ গঠন করা সম্ভব। আসন্ন শারদীয় দুর্গাপূজা ও ঐতিহ্যবাহী লালন স্মরণোৎসব সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে এবং কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে এলাকার প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে।” তিনি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহভাজন কিছুর তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করার আহ্বান জানান।
এসময় কুষ্টিয়া মডেল থানার বিভিন্ন বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কমিউনিটি পুলিশিের সভাপতি আলী আহসান হাসান, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, সদস্য ফরিদ আলী খান, আনিসুর রহমান, মোঃ জালাল উদ্দীন, আবুল কালাম আজাদ, হৃদয় হাসান, হাফিজুর রহমান মুনীর, গ্রিন টিভি ও গনকন্ঠের কুষ্টিয়া প্রতিনিধি জিয়ারুল ইসলাম, তৌকির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


