প্রকাশিত: 10:20 PM, October 4, 2026


কুষ্টিয়ায় লালন মাজারে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন শাহ মাজার প্রাঙ্গণে নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে চট্টগ্রাম থেকে বিতাড়িত আওয়ামী লীগ নেতা এ কে এম জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “নাসির উদ্দিন পাটোয়ারী লালন মাজারে এসেছিলেন। তাঁর গাড়িতে হামলা ও একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা বা লিখিত অভিযোগ করেননি। হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, নাসির উদ্দিন পাটোয়ারীর সফরসঙ্গী হিসেবে আওয়ামী লীগ নেতার উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় কয়েকজনের প্রশ্ন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারী কী কারণে কুষ্টিয়ায় এসেছিলেন। এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরাও অবগত নন বলে তাঁরা দাবি করেন।

অন্যদিকে, এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুর গফুর।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চলছে। তবে হামলার পেছনের কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা পুলিশি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Share this news as a Photo Card