প্রকাশিত: 11:55 AM, October 28, 2026


কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জিয়ারুল ইসলাম, কুষ্টিয়া: “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় ভাবগাম্ভীর্য ও নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এসময় বর্ণাঢ্য র্যালী, সড়কের পাশে অবস্থান কর্মসূচি, বৃক্ষরোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী অহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌহিদ বিন হাসান।

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য রাখেন ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী রফিকুল ইসলাম এবং নিসচা কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, কুষ্টিয়া বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, শাহরিয়ার সাজিদ, চৌড়হাস হাই-ওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় প্রমুখ।

জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসান বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন চালক, পথচারী ও সর্বস্তরের মানুষের সচেতনতা। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। দক্ষ চালক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা সবাই সতর্ক হলে সড়ক হবে নিরাপদ এবং সুন্দর। তিনি আহবান জানান, নিরাপদ সড়ক গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি।”

এসময় কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোহাম্মদ ইউনুস, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা আমজাদ হোসেন বিদ্যুৎ, গ্রিন টিভির কুষ্টিয়া প্রতিনিধি জিয়ারুল ইসলাম, কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত আলীসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাস-ট্রাক চালক ও সহকারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে পেশাগত দক্ষতা প্রদর্শন ও ট্রাফিক আইন মেনে চলায় নির্বাচিত দক্ষ চালকদের মাঝে পুরস্কার ও সম্মাননা সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

Share this news as a Photo Card