রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়ায় ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


জিয়ারুল ইসলাম: নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও বিআরটিএ, কুষ্টিয়া সার্কেলের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম। এ সময় বিআরটিএ কুষ্টিয়ার সহকারী পরিচালক অহিদুর রহমান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার হাসান ইমাম, কুষ্টিয়া জেলা বাস মালিক সমিতির সভাপতি কাজী রফিকুল ইসলাম, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি মাহাবুল আলম, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) সাধারন সম্পাদক শাহরিয়া ইমন রুবেল, সড়ক বিভাগের উপ-বিভাগের উপ বিভাগীয় প্রকৌশল তুষার আহমেদ, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনুস, মোটরযান পরিদর্শক আবুল কালাম আজাদ, সাজিদ শাহরিয়ার ফাহিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় দিবসের কর্মসূচি সুচারুভাবে পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রতিপাদ্য প্রচার ও জেলা-উপজেলা পর্যায়ে ব্যানার প্রদর্শনী। শোভাযাত্রা/র্যালি, রোড-শো ও আলোচনা সভার আয়োজন। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়সমূহে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ, লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী ও যুবসমাজকে অন্তর্ভুক্ত করে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন। দিবসটি উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের দক্ষতা যাচাইপূর্বক পুরষ্কার প্রদান এবং চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্টের ব্যবস্থা করা। পরিবেশ দূষণ রোধে সড়কের পাশে নিম গাছ বা উপযুক্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন। সভায় জেলা প্রশাসক জনাব মো: তৌহিদ বিন-হাসান সর্বসাধারণের মধ্যে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


