প্রকাশিত: 12:58 AM, June 14, 2026


কুষ্টিয়ায় ৭০ পিস টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

জিয়ারুল ইসলাম, কুষ্টিয়া: কুষ্টিয়ায় ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বাপ্পারাজ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল।
শনিবার (১৩ জুন ২০২৬) রাতে জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন দেড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ দল দেড়িপাড়া কবরস্থানের পূর্ব পাশে দেড়িপাড়া থেকে বৃত্তিপাড়াগামী পাকা রাস্তার ওপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসায়ী বাপ্পারাজকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি এ্যাপাচি আরটিআর (APACHE RTR 160 4V) মোটরসাইকেল এবং একটি বাটন মোবাইল সেট জব্দ করা হয়।

​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ বাপ্পারাজ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ত্রিবেনি গ্রামের মৃত মোয়াজ্জেম মন্ডলের ছেলে।

​র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সমাজ থেকে মাদক নির্মূলে র‌্যাব শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুষ্টিয়া জেলার ইবি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

​মাদকসহ যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে র‌্যাবকে সহায়তার জন্য সংশ্লিষ্ট ক্যাম্পের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।