প্রকাশিত: 9:20 PM, August 23, 2026


আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর, আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সতর্কতাকে সরকার আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জাতিসংঘের প্রতিবেদনটি তিনি নিজে পড়েননি; গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছেন।

সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করে জানায়, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশকে সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার কাজে ব্যবহার করতে চাইছে। এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি প্রতিবেদনটি পড়েননি। সেখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, তবে না দেখে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়।

সরকার জাতিসংঘের ওই প্রতিবেদন আমলে নিচ্ছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনো পড়িনি।’

তিনি বলেন, গণমাধ্যমে প্রতিবেদনটির বিষয়ে যতটুকু জেনেছেন, সেখানে অনুমান করা হয়েছে যে এ ধরনের ঘটনা ঘটতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না।’

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে তাকে অন্য কোনো দপ্তরে দেওয়া হতে পারে, এমন গুঞ্জন প্রসঙ্গে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও গুঞ্জন শুনছি।’

এর আগে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সরকারের অর্জনের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Share this news as a Photo Card