প্রকাশিত: 7:46 PM, January 26, 2026


ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানই বিএনপির রাজনীতির মূল দর্শন : জাকির সরকার

বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং সংখ্যালঘু ও হরিজন সম্প্রদায়ের অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মীয় সংস্কৃতিতে বিশ্বাস করে এবং সব ধর্মের মানুষের প্রতি সমান শ্রদ্ধা প্রদর্শন করে। বিএনপি সবসময় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের নিরাপত্তা, মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে সচেতন ভূমিকা রাখে।
ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, আমরা লক্ষ্য রাখার চেষ্টা করি যেন কোনো ধর্মীয় অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রতিটি নাগরিকের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের, আর সেই দায়িত্ব পালনে বিএনপি সবসময় আন্তরিক।
তিনি আরও বলেন, সমাজের সকল সুযোগ-সুবিধা ন্যায় ও সমতার ভিত্তিতে বণ্টন করতে হবে। সংখ্যালঘু, হরিজনসহ সমাজের কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র পরিচালনায় সবাইকে সমান অধিকার ও সুযোগ দিতে হবে।
তার বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ বহু ধর্ম ও সংস্কৃতির মানুষের আবাসভূমি। এখানে পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতিই দেশকে এগিয়ে নিতে পারে।
স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card