প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬


কুষ্টিয়া–৪ আসনে হাতপাখার গণসংযোগে ব্যস্ত আনোয়ার খান

জিয়ারুল ইসলাম: কুষ্টিয়ায় আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচারণার ডামাডোল। সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা শ্রেণি-পেশার মানুষের কাছে ভোট চাইছেন প্রার্থীরা। ব্যস্ত সড়ক, হাটবাজার ও পাড়া-মহল্লা জুড়ে বিরাজ করছে নির্বাচনী আমেজ।
কুষ্টিয়া–৪ (কুমারখালী–খোকসা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন পেয়ে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন প্রার্থী আনোয়ার খান। প্রতিদিনই তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ব্যস্ত সড়ক থেকে শুরু করে অলিগলি—সবখানেই সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে তিনি হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে আনোয়ার খান অভিযোগ করেন, গ্রামের কিছু এলাকায় তার কর্মীরা নির্বাচনী প্রচারণায় বাধার সম্মুখীন হচ্ছেন। তবে শহর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা চালানো যাচ্ছে বলে তিনি জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল বাধা উপেক্ষা করেই জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন।
এ সময় কুষ্টিয়া জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক জিএম তৌহিদ, ইসমাইল রাহাতসহ দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। তারা প্রার্থীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে সাধারণ ভোটারদের কাছে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
নির্বাচনী প্রচারণাকে ঘিরে কুষ্টিয়া–৪ আসনের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। পোস্টার, লিফলেট ও স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। দিন দিন বাড়ছে ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণ, যা নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তুলছে।