প্রকাশিত: 7:06 PM, March 23, 2026


কুষ্টিয়ায় স্বপ্নচারা ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বেশীনগর, নওদাকুর্শা ও রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে স্বপ্নচারা ফাউন্ডেশনের আয়োজনে “ঈদ পুনর্মিলনী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬”  সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়।

“এসো মিলি প্রাণের টানে, সম্প্রীতির বন্ধনে” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে ছিল ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। শিকড়ের টানে এলাকার প্রবাসী ও স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

স্বপ্নচারা ফাউন্ডেশনের সভাপতি সেলিনুর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর (এমপি)। স্বপ্নচারা ফাউন্ডেশনের সেক্রেটারী মোঃ সালমান চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক (পিএলসি) বাংলাদেশ লিঃ পোড়াদহ শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুস সাত্তার, ৩৬তম বিসিএসের স্বাস্থ্য কর্মকর্তা ও ক্যানসার বিশেষজ্ঞ ডা. মোঃ তৌছিফুর রহমান, হালসা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জোমারত আলী, স্বপ্নচারা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এস.এম সারোয়ার হোসেন, শিক্ষা উপদেষ্টা মোঃ আব্দুস সালাম, মোঃ সাইদুর রহমান, স্বপ্নচারা ফাউন্ডেশনের সাবেক সভাপতি ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আরিফুল ইসলাম ও ধর্ম উপদেষ্টা জনাব মাওলানা নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গফুর বলেন, সমাজের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ সম্মাননা প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথকে সুগম করে এবং অন্যদের জন্য অনুপ্রেরণা সৃষ্টি করে। স্বপ্নচারা ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এসময় তিনি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেন, যা তাদের মাঝে নতুন উদ্যম সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।

এছাড়া সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বিনিময় এবং ঈদ পুনর্মিলনীর আনন্দঘন মুহূর্তে উপস্থিত সকলে একে অপরের সঙ্গে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হন।

স্বপ্নচারা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, একটি আলোকিত ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে তাদের এই পথচলা অব্যাহত থাকবে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণই তাদের অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠান শেষে আয়োজকরা উপস্থিত সকল অতিথি, অংশগ্রহণকারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card