প্রকাশিত: 7:31 PM, April 1, 2026


অতিরিক্ত দামে গ্যাস বিক্রি: কুষ্টিয়ায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা ​

কুষ্টিয়া শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১ এপ্রিল) দুপুরে শহরের এনএস রোড ও কাটায়খানা মোড় এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা গেছে, শহরের এনএস রোডস্থ ‘আলিফ আখলাক স্টোর’-এ সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে চড়া দামে গ্যাস বিক্রি করার সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধে শহরের কাটায়খানা মোড়ের ‘প্রিন্স ইলেকট্রনিক্স’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. মাসুম আলী জানান, সাধারণ মানুষের পকেট কাটবে এমন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১২ ও কুষ্টিয়া জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Share this news as a Photo Card