প্রকাশিত: 12:03 PM, May 10, 2026


পবিত্র ঈদ-উল আযহায় নিরাপদ যাত্রার প্রত্যয়, কুষ্টিয়ায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

জিয়ারুল ইসলাম: আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সড়কপথে ঘরমুখী যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন, নিরাপদ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে কুষ্টিয়ায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ কুষ্টিয়ার যৌথ আয়োজনে এই সভা সম্পন্ন হয়।

​কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদযাত্রার প্রস্তুতি পর্যালোচনা করেন। যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে তিনটি প্রধান বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়: অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ রাখা।

​সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ঈদকে কেন্দ্র করে কোনো পরিবহন যেন সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে, সেজন্য প্রতিটি বাস টার্মিনালে বিআরটিএ ও জেলা প্রশাসনের সমন্বয়ে বিশেষ মনিটরিং সেল গঠন করা হবে। এছাড়া মহাসড়কে অবৈধ হাটবাজার উচ্ছেদ এবং পশুবাহী ট্রাকের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।

​বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক মাহবুব রব্বানী জানান, ঈদের আগে ও পরে সড়কে শৃঙ্খলারক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হবে। বিশেষ করে লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

​ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ইন্সপেক্টর মোখলেসুর রহমান মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিরসনে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েনের নিশ্চয়তা দেন। পরিবহন মালিকদের পক্ষ থেকে জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি কাজী রফিকুল ইসলাম যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

​এসময় মোটরযান পরিদর্শক সাজিদ শাহরিয়ার ফাহিম, আবুল কালাম আজাদ, আব্দুল মালেকসহ সড়ক ও জনপথ বিভাগ, পুলিশ প্রশাসন এবং বাস-ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, কুষ্টিয়া জেলাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে উত্তর ও দক্ষিণবঙ্গের মানুষ যেন কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারে, সেজন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

Share this news as a Photo Card