প্রকাশিত: 9:12 PM, June 8, 2026


কুষ্টিয়ায় শিশু পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার, অপহৃত ৩ শিশু উদ্ধার

জিয়ারুল ইসলাম, কুষ্টিয়া:
​কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে জংশন থেকে অপহরণের শিকার তিন শিশুকে ঢাকা থেকে উদ্ধার করেছে খুলনা রেলওয়ে পুলিশ। এই ঘটনায় জড়িত মানবপাচারকারী চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

​সোমবার (৮ জুন) বিকেলে কুষ্টিয়ার পোড়াদহ জিআরপি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

​গ্রেপ্তারকৃতরা হলেন—কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোপালপুর এলাকার টুটুলের স্ত্রী ফাতেমা আক্তার (৩৫) এবং একই এলাকার হৃদয়ের স্ত্রী শাহনাজ বেগম (৪০)।
​উদ্ধারকৃত শিশুরা হলো—মিরপুর উপজেলার উত্তর কাটদহ এলাকার সুমনের ছেলে ছিফাত (১০), হাসেমের ছেলে রাজ (১০) এবং বেলাল হোসেনের ছেলে মোমিন (৯)।

​পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) নাসির খান জানান, গত ২৭ এপ্রিল সকাল ৮টা ৫৫ মিনিট থেকে ১১টার মধ্যে পোড়াদহ রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে কৌশলে ওই তিন শিশুকে অপহরণ করা হয়। অপহরণকারীরা প্রথমে শিশুদের মহানন্দা লোকাল ট্রেনে করে যশোরে নিয়ে যায়। পরে বিক্রির উদ্দেশ্যে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়।

​এ ঘটনায় ভুক্তভোগী শিশু সিফাতের মা মোছা. শেফালী আক্তার গত ৬ জুন রাতে পোড়াদহ রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। প্রথমে ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে শাহনাজ বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু অপহরণের কথা স্বীকার করলে, পুলিশ সোমবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে অপহৃত তিন শিশুকে উদ্ধার করে।

​উদ্ধার হওয়া শিশুদের বর্তমানে একটি সমাজসেবী সংস্থার হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

​সংবাদ সম্মেলনে খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহম্মেদ মাইনুল হাসান জানান, শিশু পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি রেলওয়ে স্টেশনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রী সাধারণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং যেকোনো সন্দেহজনক পরিস্থিতি দেখলে দ্রুত রেলওয়ে পুলিশকে অবহিত করার অনুরোধ করেন।

Share this news as a Photo Card