প্রকাশিত: 1:37 PM, September 30, 2026


কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান ৯ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ, আটক ১

কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক তিন অভিযানে নয় লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। এ সময় এক কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মোঃ সনি (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর বিওপির বিজিবি সদস্যরা ডাক্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ সনিকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ৮ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার ২৮ টাকা।

আটককৃত সনি দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি এলাকার মুন্সিগঞ্জ গ্রামের মোঃ ফেন্টুর ছেলে।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে শেওড়াতলা বিওপির আওতাধীন শেওড়াতলা পুকুরপাড় এলাকায় অভিযান চালায় কাজিপুর বিওপির একটি টহল দল। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩৮ হাজার টাকা মূল্যের ৯৫ বোতল ভারতীয় ‘ফেয়ারডিল’ সিরাপ উদ্ধার করা হয়।

একই দিন রাত সাড়ে ৯টার দিকে রংমহল বিওপির বিজিবি সদস্যরা রংমহল এলাকায় অপর এক অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ৮ লাখ ৪৩ হাজার ২৪৫ টাকা মূল্যের ২ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫৯ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়।

৪৭ বিজিবি’র অধিনায়ক আরও জানান, পৃথক তিনটি অভিযানে উদ্ধারকৃত সর্বমোট মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৫১ হাজার ২৭১ টাকা। আটক আসামি ও উদ্ধারকৃত মালামাল দৌলতপুর থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি’র এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card