প্রকাশিত: 10:57 PM, March 2, 2026


ব্যাচ ’৯৪-এর বিনোদ আগরওয়ালার উদ্যোগে আলোকিত পাঠশালার শিক্ষক ও কবি-সাহিত্যিকদের ইফতার

এসএম জামাল, কুষ্টিয়া থেকে : পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যাচ ’৯৪-এর সদস্য বিনোদ কুমার আগরওয়ালার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক আন্তরিক ইফতার মাহফিল। গতকাল শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষা ও সমাজ উন্নয়ন নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়।
এতে অংশ নেন আলোকিত পাঠশালার জেসমিন জুথী, কবি শেখ আক্তার, রিপন শেখ, সাংবাদিক এসএম জামাল, কনক রেজাসহ স্থানীয় কবি ও সাহিত্যিকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর নওদাপাড়া প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠা আলোকিত পাঠশালা ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছে। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আশেপাশের প্রায় তিন কিলোমিটারের মধ্যে অন্য কোনো বিদ্যালয় না থাকায় প্রতিষ্ঠানটি স্থানীয় শিশুদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে।

উদ্যোক্তা বিনোদ কুমার আগরওয়ালা বলেন, “শিক্ষা খাতে যারা নিরবে কাজ করছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আলোকিত পাঠশালার শিক্ষকরা সীমিত সম্পদ নিয়েও যে নিষ্ঠা নিয়ে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়।” তিনি ভবিষ্যতেও শিক্ষা কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ইফতার মাহফিলটি শুধু সৌহার্দ্য বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং গ্রামীণ শিক্ষার টেকসই উন্নয়ন নিয়ে এক ধরনের মতবিনিময় সভায় পরিণত হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় আলোকিত পাঠশালা আরও সুসংগঠিত ও বিস্তৃত পরিসরে এগিয়ে যাবে।

Share this news as a Photo Card