প্রকাশিত: 8:36 PM, March 11, 2026


কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমির অধ্যক্ষ আলী মহসিন, শপথ গ্রহণ সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নবনির্বাচিত আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন।

কুষ্টিয়া জেলা জামায়াতের মিডিয়া সম্পাদক ও শহর জামায়াতের আমির এনামুল হক জানান, কুষ্টিয়া জেলার রোকনদের প্রত্যক্ষ ও গোপন ব্যালটে এই আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ের রোকনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই ভোটে অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন বিপুল জনসমর্থন নিয়ে আমিরে জেলা নির্বাচিত হন।

বুধবার যশোর-কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে আঞ্চলিক সভায় নবনির্বাচিত আমিরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কুষ্টিয়া ও যশোর অঞ্চলের শীর্ষস্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে অঞ্চল পরিচালক ডা. মোবারক হোসেন নতুন আমিরকে অভিনন্দন জানান এবং ইসলামী সমাজ বিনির্মাণে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রসঙ্গত, কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আবুল হাসেমের মৃত্যুতে এই পদটি শূন্য হয়েছিল। তাঁর মৃত্যুতে জেলায় দলের সাংগঠনিক কার্যক্রমে যে শোকের ছায়া নেমে এসেছিল, তা কাটিয়ে উঠতে নতুন আমির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। অধ্যাপক আবুল হোসেনের ইন্তেকালের পর ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য বীর ও কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর। তিনি অত্যন্ত দক্ষতার সাথে অন্তর্বর্তীকালীন সময়ে দলকে সুসংগঠিত রেখেছেন।

শপথ গ্রহণের পর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন এবং রোকনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কুষ্টিয়া জেলায় জামায়াতের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে এবং আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জেলার সকল পর্যায়ের নেতা-কর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, অধ্যক্ষ মোহসিন কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমানে যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

​শপথ গ্রহণ অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, সেক্রেটারী সূজা উদ্দিন জোয়ার্দারসহ যশোর ও কুষ্টিয়া জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে নবনির্বাচিত আমিরকে ফুলেল শুভেচ্ছা জানান।

Share this news as a Photo Card