প্রকাশিত: 11:31 PM, January 21, 2026


কুষ্টিয়া-১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা বহিষ্কার

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। বহিষ্কৃত নুরুজ্জামান হাবলু মোল্লা কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বুধবার (রাত) কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব এবং কুষ্টিয়া-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ওই পোস্টে তিনি একটি ছবি সংযুক্ত করেন, যেখানে দেখা যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে (রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত) নুরুজ্জামান হাবলু মোল্লার বহিষ্কার সংক্রান্ত চিঠি।
দলীয় সূত্রে জানা যায়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের কারণে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের মাধ্যমে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জেলা বিএনপির একাধিক নেতা জানান, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচনী কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে—এটাই দলের নীতিগত অবস্থান।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার রাজনৈতিক অঙ্গনে এ সিদ্ধান্ত নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card