প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬


কুষ্টিয়ায় ১৬ হাজার ২৪১ জন পোস্টাল ব্যালট ভোটার, বন্দী আছেন ৬০ জন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুষ্টিয়া জেলায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ১৬ হাজার ২৪১ জন ভোটার। তাদের মধ্যে কুষ্টিয়া জেলা কারাগারের ৬০ জন বন্দীও রয়েছেন। প্রবাসী, চাকরিজীবী ও অন্যান্য ভোটার মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে এক নতুন রেকর্ডে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার চারটি সংসদীয় আসনে মোট ১৬ হাজার ২৪১ জন ভোটার পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ৫ হাজার ৬৯৬ জন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ৪১৫ জন এবং নারী ২৮১ জন। অন্যদিকে, কারাবন্দী, চাকরিজীবী ও অন্যান্য শ্রেণির ভোটার রয়েছেন ১০ হাজার ৫৪৫ জন—এর মধ্যে পুরুষ ৮ হাজার ২২৬ জন এবং নারী ২ হাজার ৩১৯ জন।

আসনভিত্তিক পোস্টাল ব্যালট ভোটার হচ্ছে-

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে প্রবাসী ভোটার ১ হাজার ১৫১ জন (পুরুষ ১ হাজার ১২৩, নারী ২৮) এবং অন্যান্য ভোটার ২ হাজার ৪৪৪ জন (পুরুষ ২ হাজার ১১১, নারী ৩৩৩)।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে প্রবাসী ভোটার ২ হাজার ১০৯ জন (পুরুষ ২ হাজার ৪৭, নারী ৬২) এবং অন্যান্য ভোটার ২ হাজার ৫৩৪ জন (পুরুষ ১ হাজার ৯৪২, নারী ৫৯২)।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রবাসী ভোটার ১ হাজার ৩৯১ জন (পুরুষ ১ হাজার ২৩৯, নারী ১৫২) এবং অন্যান্য ভোটার ২ হাজার ২৬১ জন (পুরুষ ১ হাজার ৭২১, নারী ৫৪০)।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে প্রবাসী ভোটার ১ হাজার ৪৫ জন (পুরুষ ১ হাজার ৬, নারী ৩৯) এবং অন্যান্য ভোটার ৩ হাজার ৩০৬ জন (পুরুষ ২ হাজার ৪৫২, নারী ৮৫৪)।

জেলা নির্বাচন কর্মকর্তা জানান, “পোস্টাল ব্যালটের এই ব্যাপক সাড়া প্রবাসী নাগরিক ও সরকারি-বেসরকারি চাকরিজীবীদের ভোটে অংশগ্রহণ নিশ্চিত করবে। এটি গণতান্ত্রিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে বলে আমরা আশা করছি।”