রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
জামায়াত ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে : ড. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তিনি বলেন, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সম্মান ও নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করাই ইসলামী রাজনীতির মূল লক্ষ্য।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসমাবেশে ঐক্য গড়ে তুলে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানান জোটের নেতৃবৃন্দ।
ড. শফিকুর রহমান বলেন, দেশে দীর্ঘদিন ধরে জনগণের ওপর ভুল তথ্য ও মিথ্যা প্রচারণা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এভাবে আর জনগণকে বিপদের মুখে ফেলা যাবে না। তিনি বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতার রাজনীতি করে না; বরং মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য। এ সময় তিনি আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগপা নেতা রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সিবগা, খেলাফত মজলিসের সভাপতি সিরাজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য সচিব মোস্তাফিজুর রহমানসহ ১০ দলীয় জোটের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান এবং জনগণকে রাজপথ ও নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার এবং শহর জামায়াতের আমির এনামুল হক।
জনসমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। সমাবেশস্থল জুড়ে ছিল দলীয় পতাকা, স্লোগান ও উৎসবমুখর পরিবেশ।

