রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়ায় মুফতি আমির হামজার ফেসবুক পেজ ডিজেবল: পরিকল্পিত সাইবার হামলার অভিযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজটি ডিজেবল হয়ে গেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনাকে ‘পরিকল্পিত সাইবার হামলা’ ও ‘ডিজিটাল সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
একই দিন রাত ৮টার দিকে তার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে মুফতি আমির হামজা এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সোশ্যাল মিডিয়া জনগণের কাছে পৌঁছানোর অন্যতম শক্তিশালী মাধ্যম। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার অফিসিয়াল পেজে নিয়মিত ‘ফেক স্ট্রাইক’ বা মিথ্যা রিপোর্ট করে আসছিল। এর ফলে আজ দুপুর থেকে আমার ভেরিফাইড পেজটি ডিজেবল হয়ে গেছে।
তিনি আরও দাবি করেন, “নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে প্রতিপক্ষ একটি দল ও তাদের নেতাকর্মীরা ভীত হয়ে এই ন্যাক্কারজনক পথ বেছে নিয়েছে। অফলাইনের পাশাপাশি অনলাইনে আমাদের প্রচারণা ব্যাপক সাড়া ফেলায় তারা দিশেহারা হয়ে পড়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে তারা এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও বাধা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত।”
মুফতি আমির হামজা জানান, পেজটি ফিরে পেতে ইতিমধ্যই ফেসবুক কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রমাণসহ আপিল করা হয়েছে এবং তাদের টেকনিক্যাল টিম কাজ করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ধরনের ডিজিটাল অপরাধের সাথে যারা জড়িত, তাদের শনাক্ত করতে আমরা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়ের করব এবং প্রচলিত আইনের সহায়তা নেব।
সংবাদ সম্মেলন থেকে তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সত্য প্রচারের কণ্ঠরোধ করতে এই যে ডিজিটাল হয়রানি শুরু হয়েছে, তা জাতির সামনে তুলে ধরা প্রয়োজন।
এছাড়া তিনি সমসাময়িক হামলা এবং হয়রানির অভিযোগ এনে বলেন, নির্বাচনী প্রচার-প্রচারনায় আমাদের ভাইদের পাশাপাশি বোনদেরকেও বিভিন্ন ভাবে লাঞ্চিত করা হচ্ছে। আজকেও নির্বাচনী প্রচার করতে গিয়ে হামলা শিকার হয়েছেন, কুষ্টিয়া জেলা শিবিরের সাবেক সভাপতি মাজহার মাহবুবসহ আরো ৪ জন। গত পরশুদিনও শিবিরে সাবেক জেলা সভাপতি খাজা হামেদ হামলা শিকার হয়েছেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন, এনামুল হক নামে তার এক সহযোগী।

