প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৬


৩১ দফার আলোকে আধুনিক কুষ্টিয়া গড়ার প্রত্যয়… জাকির সরকারের

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’র আলোকে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন কুষ্টিয়া গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
বৃহস্পতিবার দিনব্যাপী কুষ্টিয়া সদর আসনের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা চলাকালে তিনি এ কথা বলেন। এসময় ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভালোবাসা লক্ষ্য করা যায়।

গণসংযোগকালে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা হলো আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের মূল ভিত্তি। আমরা কুষ্টিয়াকে শুধু নামেই নয়, কাজেও একটি আধুনিক ও স্মার্ট জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। অবহেলিত অবকাঠামো উন্নয়ন, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান এবং কৃষি ও শিল্প খাতের আমূল পরিবর্তন আনাই আমাদের মূল লক্ষ্য।
​তিনি আরও বলেন, “কুষ্টিয়ার মাটি ও মানুষের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। অতীতে এই জনপদে উন্নয়নের যে জোয়ার বিএনপি শুরু করেছিল, তা মাঝপথে থমকে গেছে। আমরা নির্বাচিত হলে কুষ্টিয়াকে একটি আধুনিক শিক্ষা ও শিল্পনগরী হিসেবে গড়ে তুলব।”

এদিন তিনি কুষ্টিয়া শহরের বিভিন্ন মোড়, বাজার ও পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, “দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে ধানের শীষের বিকল্প নেই। একটি টেকসই পরিবর্তনের লক্ষ্যে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।”

গণসংযোগ চলাকালে তাঁর সঙ্গে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা ‘ধানের শীষ’ ও ‘জিয়া-তারেক’ এর নামে বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। সাধারণ ভোটারদের মাঝেও এ সময় ব্যাপক উদ্দীপনা দেখা যায়।
পথসভাগুলোতে বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের মতো একজন যোগ্য ও শিক্ষিত মানুষ কুষ্টিয়ার নেতৃত্বে আসলে এই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।