রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়াকে শিশু-কিশোরদের জন্য একটি নির্মল বিনোদন ও পর্যটন নগরী করতে চান…জাকির সরকার

জিয়ারুল ইসলাম: কুষ্টিয়া পৌরসভার শিশুদের মানসিক বিকাশ ও নাগরিক বিনোদনের অভাব দূর করতে বড় ধরনের পরিকল্পনা ঘোষণা করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
শুক্রবার দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
ভিডিও বার্তায় ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, “কুষ্টিয়া পৌরসভা ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত একটি বৃহৎ জনপদ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখানে নাগরিক ও শিশুদের খেলাধুলা বা বিনোদনের জন্য পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত শিশু পার্কটি বিগত ১৭ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি। অযত্ন আর অবহেলায় পার্কটি আজ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে।” তিনি অঙ্গীকার করেন, নির্বাচিত হলে এই পার্কটিকে আধুনিক রাইড ও সুযোগ-সুবিধা সম্বলিত একটি দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্রে পরিণত করবেন।
গড়াই নদীর তীরে অবস্থিত জেলা পরিষদ পার্ক সম্পর্কে তিনি বলেন, “এই পার্কটি কুষ্টিয়ার একটি সম্পদ। আমার পরিকল্পনা রয়েছে, আধুনিক সংস্কারের মাধ্যমে এই পার্কটিকে একটি অন্যতম পর্যটন কেন্দ্রে রূপান্তর করা। যাতে কুষ্টিয়ার মানুষ প্রকৃতির সান্নিধ্যে একটু নির্মল সময় কাটাতে পারেন।”
একজন প্রকৌশলী হিসেবে নিজের চিন্তাধারা তুলে ধরে জাকির হোসেন সরকার আরও বলেন, “একটি সুস্থ জাতির জন্য শিশুদের সুস্থ বিনোদন ও পর্যাপ্ত খেলার মাঠ অপরিহার্য। আমি চাই কুষ্টিয়ার প্রতিটি শিশু যেন চার দেয়ালের বন্দিত্ব থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে বেড়ে উঠতে পারে। আধুনিক কুষ্টিয়া গড়ার যে স্বপ্ন আমি দেখছি, তার একটি বড় অংশ জুড়ে আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম।”
তার এই ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন কুষ্টিয়া সদর এলাকার অভিভাবকরা। অনেক নাগরিক মন্তব্য করেছেন, দীর্ঘদিন কুষ্টিয়া শহরে শিশুদের জন্য মানসম্মত বিনোদন কেন্দ্রের অভাব ছিল, যা নিরসনের জন্য এই ধরনের আধুনিক পরিকল্পনা সময়ের দাবি।
ভিডিও বার্তার শেষে তিনি দেশ ও জাতির কল্যাণে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে এবং ধানের শীষ প্রতীকের বিজয়ে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

