প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬


কুষ্টিয়ায় জেলা প্রশাসকের প্রত্যাহার আদেশ বাতিল দাবি || গাড়ীসহ জেলা প্রশাসককে অবরুদ্ধ করে বিক্ষোভ

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ‘২৪’র জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধারা।
সোমবার সকাল ১০টার দিকে শহরতলীর মজমপুর গেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেনের প্রত্যাহার আদেশ দ্রুত বাতিল করে তাকে কুষ্টিয়াতেই বহাল রাখতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ চলাকালে জেলা প্রশাসক একটি সভায় যোগ দিতে কার্যালয় থেকে বের হলে বিক্ষোভকারীরা গাড়ীসহ তাকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে যোহরের নামাজ ও জরুরি বৈঠকের বিষয়টি উল্লেখ করে বিশেষ অনুরোধ করলে শিক্ষার্থীরা তাকে গাড়িসহ চলে যেতে দেন।


সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলন চলমান ছিল। এর আগে রবিবার রাতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রোববার (১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুষ্টিয়াসহ দেশের আরও চার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে প্রত্যাহারপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।