রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
কুষ্টিয়ায় মোহিনী লজের দোতলায় ভাড়াটিয়া উচ্ছেদ করনে অভিযোগ || এক পরিবারের নামে পাঁচ পরিবার, তদন্তে প্রশাসন

জিয়ারুল ইসলাম: কুষ্টিয়া শহরের মোহিনী লজে দোতলার ভাড়াটিয়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। নিচতলার লিজকৃত বাসিন্দারা অভিযোগ করেছেন, নিয়ম বহির্ভূতভাবে একাধিক পরিবার বসবাসের কারণে তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এ ঘটনায় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
জানা যায়, কুষ্টিয়া শহরের মোহিনী লজের দোতলায় পূর্বে লিজগ্রহীতা হিসেবে বসবাস করতেন আব্দুল জব্বার। তার মৃত্যুর পর তার ছেলে বাবু জব্বার সাময়িকভাবে বসবাসের জন্য একটি পরিবারকে থাকার অনুমতি দেন। তবে অভিযোগ উঠেছে, একটি পরিবারের পরিবর্তে বর্তমানে সেখানে প্রায় পাঁচটি পরিবার দীর্ঘ চার বছর ধরে বসবাস করছে। এতে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫ থেকে ২০ জন।
নিচতলার বাসিন্দার অভিযোগ করেন, দোতলায় বসবাসরত পরিবারের সদস্যরা প্রায়ই উচ্চস্বরে হট্টগোল, বাহিরের লোকজনের অবাধ যাতায়াত, বাড়ির গেটের সামনে বহিরাগতদের আড্ডা, শিশুদের সার্বক্ষণিক খেলাধুলাসহ বেশ কিছু কর্মকাণ্ডের কারণে নিচতলার পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে কথা বলতে গেলে দোতলার ভাড়াটিয়ারা উল্টো দুর্ব্যবহার করে এবং বিভিন্ন সময় হুমকি-ধামকিও দেয়। এমনকি বাহিরের লোকজন দিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে। এতে নিচতলার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
নিচতলার বাসিন্দা সোহেলী সুলতানা বলেন, দোতলায় একটি পরিবার থাকার কথা থাকলেও বর্তমানে প্রায় পাঁচটি পরিবার বসবাস করছে। এতে প্রতিনিয়ত অশান্তি সৃষ্টি হচ্ছে। আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চাই। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, অবৈধভাবে বসবাসরত পরিবারগুলো উচ্ছেদ করে শুধুমাত্র একটি পরিবারকে থাকার অনুমতি দেওয়া হোক। তাহলে পরিবেশ স্বাভাবিক হবে।
এদিকে আব্দুল জব্বারের ছেলে বাবু জব্বার অভিযোগ করে বলেন, তার বাবার ঋণ পরিশোধ বাবদ পাঁচ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও আফতাব আলী মাত্র তিন লাখ টাকা দিয়ে বাড়ির দখল নিয়েছেন। এ নিয়ে বিরোধের সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন। তিনি বলেন, “আমি সকল আইন-কানুন মেনেই এখানে বসবাস করছি। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের উপস্থিতিতেই বাবু জব্বার আমার কাছে বাড়ির দখল লিখে দিয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ জানান, সরকারের লিজকৃত জমি বা বাড়ি অন্য কাউকে পুনরায় লিজ বা ভাড়া দেওয়ার সুযোগ নেই। মোহিনী লজ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত শেষ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে চলমান এই পরিস্থিতির কারণে বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি বলে মনে করছেন তারা।

