প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬


প্রতীক পাওয়ার পর কুষ্টিয়ায় জমে উঠছে নির্বাচনী মাঠ

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে কুষ্টিয়ায় শুরু হয়েছে নির্বাচনী ডামাডল। বুধবার (২১ জানুয়ারি) প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমে পড়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। শহর ও গ্রামজুড়ে এখন নির্বাচনী ব্যানার, লিফলেট আর পথসভায় মুখর কুষ্টিয়া।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার নির্বাচনী প্রচারণার সূচনা করেন এক আবেগঘন কর্মসূচির মাধ্যমে। তিনি নিজ গ্রামের বাড়িতে মায়ের কাছ থেকে দোয়া গ্রহণ করেন এবং বাবার কবর জিয়ারত করে নির্বাচনী মাঠে নামেন। এরপর প্রথম দিনেই কুষ্টিয়া-৩ আসনের অন্তর্ভুক্ত ১৩টি ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় করেন। এসব সভায় দলীয় নেতাকর্মীদের নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক শক্তি ও ভোটারদের কাছে পৌঁছানোর কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন।

এদিকে নির্বাচনী স্লোগান, মাইকিং আর পোস্টারে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে জনপদ। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যেও বাড়ছে আগ্রহ ও কৌতূহল। অনেকেই প্রার্থীদের কর্মসূচি ঘিরে আলোচনা করছেন, যাচাই করছেন কে কতটা এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো।
অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনী প্রচার চালানোর আহ্বান জানানো হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
সব মিলিয়ে প্রতীক বরাদ্দের পর কুষ্টিয়ায় নির্বাচনী উত্তাপ ধীরে ধীরে বাড়ছে। আগামী দিনগুলোতে প্রচার-প্রচারণা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে কুষ্টিয়ার নির্বাচনী মাঠ।